গত বছর সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক উন্মোচিত দিরহামের অফিসিয়াল প্রতীক এখন স্মার্টফোন ও কম্পিউটার কিবোর্ডে আসার আরও এক ধাপ কাছাকাছি পৌঁছেছে। ইউনিকোড কনসোর্টিয়াম আনুষ্ঠানিকভাবে এই প্রতীককে ইউনিকোড সংস্করণ ১৮.০-এ অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে, যা ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হবে।
এই অনুমোদনের অর্থ হলো অ্যাপল, গুগল, স্যামসাং ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন তাদের অপারেটিং সিস্টেম, ডিজিটাল কিবোর্ড ও সফটওয়্যারে এই প্রতীক যুক্ত করতে পারবে। তবে ইউনিকোড সতর্ক করেছে যে অনুমোদন মানেই তাৎক্ষণিক বাস্তবায়ন নয়।
আমিরাত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী, কিবোর্ড লেআউটে সংখ্যা ৬ কী-তে থাকা (^) চিহ্নের জায়গায় এই প্রতীক বসানো হবে। এর বাস্তব নকশা আমিরাতের পতাকা থেকে অনুপ্রাণিত।
এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তর আর্থিক অবকাঠামো রূপান্তর কর্মসূচির অংশ।
বিশ্লেষকদের মতে, সাধারণ ব্যবহারকারীদের নিজেদের ফোনের কিবোর্ডে এই প্রতীক দেখতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।